skynews
৮ অগাস্ট ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার পতনের পরের তিন দিন: সরকারহীন বাংলাদেশে যা ঘটেছিল

শেখ হাসিনার পতনের পরের তিন দিন: সরকারহীন বাংলাদেশে যা ঘটেছিল

২০২৪ সালের ৫ আগস্ট। গণআন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর বাংলাদেশে তৈরি হয় এক নজিরবিহীন পরিস্থিতি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতার পরিবর্তন হলেও নতুন সরকার তখনও দায়িত্ব নেয়নি। ফলে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিন দিন কার্যত সরকারবিহীন অবস্থার মধ্য দিয়ে যায় দেশ।

শেখ হাসিনার পতনের পরের তিন দিন: সরকারহীন বাংলাদেশে যা ঘটেছিল

এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সদস্যদের বড় একটি অংশ কর্মস্থলে অনুপস্থিত থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। বিভিন্ন কারাগারেও সংঘাত ও বন্দি পালানোর ঘটনা ঘটে।

অবশেষে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার মধ্য দিয়ে শেষ হয় এই তিন দিনের অনিশ্চয়তা।

৫ আগস্ট: পতন, গণভবনে জনতার প্রবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট গণআন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। পরে তিনি ভারতে চলে যান।

তার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই হাজার হাজার মানুষ গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে। এসব স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনায়ও হামলা ও সংঘর্ষের খবর পাওয়া যায়।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা হয়। ঢাকা, যশোরসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পিটুনি ও হামলায় পুলিশ সদস্যসহ অন্তত ১৩৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া যায়।

এদিকে ১৭ দিন ধরে চলা কারফিউ পরদিন থেকে তুলে নেওয়ার কথা জানায় আইএসপিআর। ৬ আগস্ট থেকে সরকারি-বেসরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও কলকারখানা খুলে দেওয়ার কথাও জানানো হয়।

অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা-

৫ আগস্ট বিকেলে রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটি অন্তর্বর্তী সরকার গঠন করে কার্যক্রম পরিচালনা করা হবে।

এরপর তিন বাহিনীর প্রধান, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কয়েকজন ছাত্র প্রতিনিধি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

See also  হল দখলকে কেন্দ্র করে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকার গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

রাত আটটার দিকে বঙ্গভবনের বৈঠক শেষ হয়।

অন্যদিকে, সার্ক ফোয়ারা এলাকায় সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, তারা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দেবেন। তাদের প্রস্তাবের বাইরে কোনো সরকারকে তারা সমর্থন করবেন না বলেও জানান তিনি।

রাষ্ট্রপতির ভাষণ-

৫ আগস্ট রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানান, দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সংসদ বিলুপ্ত করা হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের আয়োজন করবে।

রাষ্ট্রপতি জানান, সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্ত করা হবে এবং সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

৬ আগস্ট: সংসদ বিলুপ্ত, ইউনূসকে প্রধান করে সরকার গঠনের সিদ্ধান্ত-

৬ আগস্ট রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান এবং ছাত্র প্রতিনিধিদের বৈঠকের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। নির্বাচনের মাত্র সাত মাসের মাথায় সংসদটি বিলুপ্ত হয়।

এদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে তাকে মুক্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি। শেখ হাসিনা সরকারের সময় দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া প্রথমে কারাগারে ছিলেন এবং পরে শর্তসাপেক্ষে বাসায় থাকার অনুমতি পেয়েছিলেন।

এছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আন্দোলনকারী এবং বিএনপি-জামায়াতের আগে আটক নেতাকর্মীসহ ২ হাজার ২০০-এর বেশি ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়।

পুলিশের অনুপস্থিতিতে অচল আইনশৃঙ্খলা ব্যবস্থা-

৬ আগস্ট ঢাকার বিমানবন্দর থেকে শেখ হাসিনা সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়।

এর আগের দিন পুলিশ সদর দপ্তর ও দেশের বিভিন্ন থানায় হামলার পর ৬ আগস্ট ডিবি কার্যালয়সহ পুলিশের বহু কার্যালয় ও থানায় পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল না। পুলিশের অনুপস্থিতিতে এসব স্থাপনার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।

ঢাকার অধিকাংশ সড়কেও ট্রাফিক পুলিশের দেখা মেলেনি। ফলে যানবাহন নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেন।

See also  সোনাতলায় ধানক্ষেত থেকে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেয় কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ অ্যাসোসিয়েশন।

পুলিশের কার্যক্রম কার্যত বন্ধ থাকায় বিভিন্ন এলাকায় ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও মানুষ দলবদ্ধ হয়ে রাত জেগে পাহারা দিতে শুরু করেন।

প্রশাসনে বড় ধরনের রদবদল-

৬ আগস্ট পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে মো. ময়নুল ইসলামকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

একই দিনে সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদেও রদবদল করা হয়। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

এদিকে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

কারাগারেও ঘটে বড় ধরনের ঘটনা। কারারক্ষীদের জিম্মি করে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ২০৯ জন বন্দি পালিয়ে যান।

এ সময় দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা বেশ কয়েকজনেরও ফিরে আসার খবর পাওয়া যায়। তারা নিজেদের গোপন বন্দিশালায় আটকে রাখার অভিযোগ করেন।

৭ আগস্ট: অনিশ্চয়তার তৃতীয় দিন-

৭ আগস্ট সেনাবাহিনী প্রধান জানান, ৮ আগস্ট বিকেল বা সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে। এরই মধ্যে ফ্রান্স থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষিত অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এদিন শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় বাতিল করে শ্রম আপিলেট ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সরকারের আমলে ওই মামলায় তাকে দণ্ড দেওয়া হয়েছিল।

কারাগারে বন্দি পালানোর ঘটনাও অব্যাহত ছিল। কুষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে ৯৯ জন বন্দি পালিয়ে যান। কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়লে কয়েকজন বন্দি আবার কারাগারের ভেতরে ফিরে যান।

বিএনপির সমাবেশ, শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ-

৭ আগস্ট ঢাকার নয়াপল্টনে বড় সমাবেশ করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানায় বিএনপি। দীর্ঘ সময় পর এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেন নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম। একই সঙ্গে ওই সময়ের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দেন তিনি।

এদিন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পুলিশের অনুপস্থিতিতে ঢাকার বিভিন্ন সড়কে আগের মতোই শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

See also  বিএনপির ৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ পালনের নমুনা: মঞ্জু

র‍্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়।

তবে এসব প্রশাসনিক পদক্ষেপের মধ্যেও দেশজুড়ে নৈরাজ্য, হামলা ও সহিংসতা পুরোপুরি থামেনি।

৮ আগস্ট: শেষ হয় সরকারহীনতার অধ্যায়-

৮ আগস্ট ফ্রান্স থেকে ঢাকায় ফেরেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তিন বাহিনীর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।

দেশে ফিরে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই হবে নতুন সরকারের প্রথম কাজ। বিভিন্ন জায়গায় হামলা ও আক্রমণকে ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে তাদের প্রধান দায়িত্ব।

এর আগে সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধান, নবনিযুক্ত আইজিপি, র‍্যাব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার বৈঠক করেন। বৈঠকে ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাদেশে অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়।

এদিন নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তৎকালীন বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান।

অস্থির পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকার কথা জানানো হয়।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনাও ঘটে। কোথাও কোথাও গণডাকাতির খবর পাওয়া যায়।

শপথ নিল অন্তর্বর্তী সরকার-

অবশেষে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর শুরু হওয়া তিন দিনের সরকারহীনতা শেষ হয় ৮ আগস্ট।

সেদিন বঙ্গভবনের দরবার হলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

একই অনুষ্ঠানে ১৩ জন উপদেষ্টাও শপথ নেন। তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মোট ১৬ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হলেও ঢাকার বাইরে অবস্থান করায় তিনজন সেদিন শপথ নিতে পারেননি।

এর মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পরের তিন দিনের রাজনৈতিক অনিশ্চয়তা ও কার্যত সরকারহীন পরিস্থিতির অবসান ঘটে এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

২

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

৩

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

৪

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

৫

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

৬

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

৭

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

৮

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৯

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

১০

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

১১

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

১২

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১৩

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

১৪

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

১৬

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১৭

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১৮

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১৯

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

২০