
গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাটে বহিরাগতদের আশ্রয় দেওয়ার বিষয়ে মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা ও পৌর প্রশাসন। কোনো ভাড়াটিয়ার বাসায় পরিবারের বাইরের অপরিচিত ব্যক্তি কিংবা অপরাধী চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসাইন স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি যৌথভাবে প্রকাশ করে কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের কোনো ভাড়াটিয়া পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিলে কিংবা কোনো অপরাধী চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে বিষয়টি দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে।
এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ ধরনের অবস্থান থেকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে দায়ভার বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগতরা যেন এলাকায় প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়, সে লক্ষ্যেই এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে। এসব আন্দোলনের ঘটনা কালিয়াকৈর এলাকায় তুলনামূলকভাবে বেশি ঘটেছে।
মন্তব্য করুন