
সিরাজগঞ্জে ৫৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল পাচারের দায়ে একটি ট্রাকের চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান। তিনি জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোরের বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়া এলাকার আতোয়ার হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (৩২) এবং একই এলাকার সিরাজ সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা হয়।
এ ঘটনায় এএসআই মো. জিয়াউর রহমান বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। দীর্ঘদিন বিচারিক কার্যক্রম এবং সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার আদালত দুই আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
মন্তব্য করুন