
সৌদি আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। গাড়ির পেছনের বুটে পানি লুকিয়ে দেশটির বাইরে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

সৌদি আরবের আইন অনুযায়ী, জমজমের পানি রপ্তানি নিষিদ্ধ। ফলে যথাযথ ঘোষণা ছাড়া এসব পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা শুল্ক আইনে চোরাচালান হিসেবে গণ্য হয়। রিয়াদে অবস্থিত দ্বিতীয় প্রাথমিক কাস্টমস কমিটির এক রায়ে এ তথ্য জানানো হয়েছে।
রায়ের বিবরণে বলা হয়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহাদ কজওয়ে কাস্টমস তল্লাশিচৌকিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর গাড়িতে তল্লাশি চালিয়ে বুটের ভেতরে লুকিয়ে রাখা ৩৮০ লিটার জমজমের পানি উদ্ধার করেন কর্মকর্তারা।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জব্দ করা পানির সমপরিমাণ মূল্যের ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করেছে কমিটি। পাশাপাশি উদ্ধার করা পানিগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সরকারি কৌঁসুলিপক্ষ ওই ব্যক্তির বিরুদ্ধে জরিমানার পাশাপাশি কারাদণ্ড এবং জব্দ করা পানি বাজেয়াপ্ত করার আবেদন করেছিল। তবে কমিটি কারাদণ্ডের আবেদন নাকচ করে দেয়।
কমিটির যুক্তি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড নেই। এ ছাড়া আর্থিক জরিমানাই তাঁর অপরাধের জন্য যথেষ্ট শাস্তি বলে মনে করেছে কমিটি।
গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশগুলোর সমন্বিত শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ নম্বর ধারায় এ রায় দেওয়া হয়েছে। এসব ধারায় শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারের সংজ্ঞা এবং এ ধরনের অপরাধের শাস্তির বিধান উল্লেখ রয়েছে।
মন্তব্য করুন