
গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন চলাকালে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৌফিক শেখ (২১) নামের এক পোশাকশ্রমিক। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় লায়লা গার্মেন্টসে কর্মরত ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ বছর ধরে বাংলাবাজার এলাকায় থেকে পোশাক কারখানায় কাজ করছিলেন তৌফিক। সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিকদের আন্দোলন চলাকালে হামলার ঘটনা মুঠোফোনে ভিডিও করার চেষ্টা করেন তিনি। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে মারধর করে। এতে গুরুতর আহত হন তৌফিক। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, চলমান শ্রমিক আন্দোলনে সহিংসতা প্রতিরোধে পুলিশ, আনসার ও এসআরবি সদস্যদের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন