
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো সাভারের শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরে বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।
এদিকে, বুধবার সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে বিক্ষোভ শুরু করেন একদল শ্রমিক। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান জানান, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে, ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার সকালে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
মন্তব্য করুন