
দীর্ঘ ছুটি শেষ হতেই আবারও চিরচেনা কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী ঢাকা। সড়কে বেড়েছে যানবাহনের চাপ, গণপরিবহনে যাত্রীদের ভিড় আর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে যানজট। বাসের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে যানজটে আটকে পড়া-সব মিলিয়ে কর্মস্থলে ফেরা নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে কর্মচাঞ্চল্য বাড়তে থাকে। অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য কাজে বের হন নগরবাসী। তাঁদের পদচারণায় ব্যস্ত হয়ে ওঠে সড়ক ও ফুটপাত। একই সঙ্গে বাড়তে থাকে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচল।
রোববার সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোথাও যানবাহনের দীর্ঘ সারি, কোথাও বাসের জন্য যাত্রীদের অপেক্ষা, আবার কোথাও সড়ক পার হতে গিয়ে পথচারীদের বাড়তি সময় ব্যয় করতে হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সকাল ৮টার পর থেকে সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিভিন্ন বাসস্ট্যান্ডে অফিসগামী মানুষকে দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। কোনো বাস এলে তাতে ওঠার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। আসন না পেয়ে অনেককে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। আবার অতিরিক্ত ভিড়ের কারণে কেউ কেউ বাসে উঠতে না পেরে পরবর্তী বাসের অপেক্ষায় থাকেন। যাত্রী ওঠানো-নামানোর সময়ও বিভিন্ন স্থানে যানবাহনের গতি কমে যায়।
রামপুরা ও বাড্ডা এলাকায় সকাল থেকেই কর্মজীবী মানুষের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। সড়কের এক পাশে বাসের অপেক্ষায় যাত্রীরা দাঁড়িয়ে থাকলেও অন্য পাশে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচলও ছিল উল্লেখযোগ্য।
যানবাহনের চাপ বাড়ায় অনেককে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় হাতে নিয়ে বের হতে হয়েছে। বাসে অতিরিক্ত যাত্রী থাকায় স্বাভাবিকভাবে যাতায়াত করাও কঠিন হয়ে পড়ে।
হাতিরঝিল এলাকায়ও ছুটি শেষে কর্মস্থলে ফেরার ব্যস্ততা দেখা যায়। কেউ হেঁটে, কেউ গণপরিবহনে, আবার কেউ ব্যক্তিগত গাড়িতে গন্তব্যের দিকে ছুটেছেন। যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কের কয়েকটি স্থানে ধীরগতি তৈরি হয়।
অন্যদিকে মালিবাগ ও মৌচাক এলাকায় অফিসগামী মানুষের ভিড়ের সঙ্গে যোগ হয় যানবাহনের বাড়তি চাপ। বাসের জন্য অপেক্ষা, গাড়ির হর্ন এবং সড়কে এগিয়ে যাওয়ার ব্যস্ততায় ফিরে আসে রাজধানীর প্রতিদিনকার চেনা দৃশ্য।
পল্টন এলাকাতেও সকাল থেকে মানুষের চলাচল বাড়তে থাকে। অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানমুখী মানুষের পদচারণায় ব্যস্ত হয়ে ওঠে ফুটপাত। কেউ দ্রুত পায়ে গন্তব্যে যাচ্ছেন, আবার কেউ যানবাহনের চাপের মধ্যে রাস্তা পার হওয়ার সুযোগ খুঁজছেন। সড়কে বাড়তি চাপ থাকায় চালকদেরও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা যায়।
বাড্ডা এলাকায় দায়িত্ব পালনরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. দেলোয়ার বলেন, দীর্ঘ ছুটির পর রোববার ছিল সপ্তাহের প্রথম কর্মদিবস। এ কারণে সড়কে যানবাহনের চাপ বেশি ছিল। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রচুর যানজট দেখা দিয়েছিল। তবে ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে যানবাহনের চাপ কমেছে এবং তেমন যানজট নেই।
বাসচালক আবুল কালাম বলেন, ছুটির পর সড়কে যানবাহন ও যাত্রী—দুটির চাপই বেড়েছে। যানজটের কারণে এক স্থান থেকে অন্য স্থানে যেতে বেশি সময় লাগছে। বাসে যাত্রী ওঠানো-নামানোর সময়ও ভিড় সামলাতে হচ্ছে। সব মিলিয়ে সড়কে আগের মতো ব্যস্ততা ফিরে এসেছে।
অফিসগামী যাত্রী মো. মকবুল হোসেন বলেন, ছুটি শেষে কাজে বের হয়ে সকালে অনেক মানুষের ভিড় দেখতে হয়েছে। বাসে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে। বাসে উঠতে পারলেও অতিরিক্ত ভিড়ের কারণে স্বস্তিতে যাতায়াত করা কঠিন। সড়কে যানজট থাকলে অফিসে পৌঁছাতেও দেরি হয়।
পথচারী আয়নাল হোসেন বলেন, ছুটির সময় রাজধানীর সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম ছিল। কিন্তু রোববার সকাল থেকে আবারও আগের মতো ভিড় দেখা যাচ্ছে। গাড়ির চাপের কারণে রাস্তা পার হতেও অপেক্ষা করতে হচ্ছে। মানুষের তাড়া, গাড়ির হর্ন ও যানজট মিলিয়ে ঢাকা আবারও চেনা রূপে ফিরেছে।
দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে রাজধানীর সড়কে তুলনামূলক স্বস্তি থাকলেও ছুটি শেষে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কর্মস্থলে ফেরা মানুষের সঙ্গে বেড়েছে গণপরিবহনের যাত্রী ও ব্যক্তিগত যানবাহনের চলাচল। ফলে সকালের ব্যস্ত সময়ে বিভিন্ন সড়কে যানজট এবং বাসে অতিরিক্ত ভিড়ের কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
মন্তব্য করুন