
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শুরু হওয়া এ অভিযান বিকেলেও চলছিল।

ঘটনাস্থলে থাকা পুলিশের এসআই নাজমুল হোসেন জানান, কার্যালয়ের ভেতরে প্রায় ৪০০ জনের মতো লোক ছিলেন। তাদের কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, বেলা ৩টার দিকে খবর পেয়ে পুলিশ তিনতলায় গিয়ে জাসদ অফিসে এদের দেখতে পায়। তারা সেখানে বৈঠক করছিল।
তবে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের দাবি, সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে তিনশ নেতাকর্মীকে নিয়ে প্রতিনিধি সভা চলার সময় সেখানে হামলা হয়েছে।
তিনি বলেন, সারা দেশ থেকে আমাদের প্রতিনিধি সভায় নেতাকর্মীরা যোগ দিয়েছে। সভায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালায়। আমরা অফিসে অবরুদ্ধ আছি। পুলিশ আসছে, হয়তো অ্যারেস্ট করবে।
জানা গেছে, দুপুর আড়াইটার দিকে বিএনপির নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে বলতে দেখা যায়, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন।
এ অভিযোগের বিষয়ে সাজ্জাদ হোসেন বলেন, এটা মিথ্যা কথা, আমাদের প্রতিনিধি সভা চলছিল। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসবে কেন, একটা কিছু বলে আমাদের ওপর আক্রমণ করাটাই বিষয়।
এদিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিকেল সোয়া ৪টার দিকে জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, জাসদ কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল এবং ভেতরে একটি সভা চলছিল।
তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনেককে নিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ৩০-৪০ জনকে পল্টন থানায় নেওয়া হয়েছে। এখনো আমাদের কার্যক্রম চলছে। পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন