
পরিবেশ দূষণ মোকাবিলা এবং টেকসই পরিবেশ সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী।

তিনি বলেছেন, বিচ্ছিন্নভাবে নয়, পরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমেই বর্জ্য ব্যবস্থাপনা, পানি দূষণ এবং পরিবেশগত অন্যান্য চ্যালেঞ্জের কার্যকর সমাধান সম্ভব।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধ বিষয়ে আয়োজিত মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দ্রুত নগরায়ন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদী ও জলাশয়ে বর্জ্য নিক্ষেপ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যাপক ব্যবহার দেশের পরিবেশের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে। এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তার মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় পানি দূষণ প্রতিরোধ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নদ-নদী সংরক্ষণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্তব্য করুন