
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলার জয়-পরাজয় নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। খেলার জয়-পরাজয় নিয়ে শুরু হওয়া সেই বিরোধের জের ধরে পরদিন বুধবার সকালে উভয় গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সকালে শুরু হওয়া সংঘর্ষে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় গ্রামের অর্ধশতাধিক মানুষ আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থামে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন