কিশোরগঞ্জের কুলিয়ারচরে টহলরত পুলিশের গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় ধানের কুড়াবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল মো. পারভেজ আহমেদ (৩৪) ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী।
পুলিশ সূত্রে জানা গেছে, এটিএসআই জাকির হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। একপর্যায়ে পুলিশের গাড়ির একটি চাকায় হাওয়া কমে গেলে তারা দ্বাড়িয়াকান্দি এলাকার একটি টায়ার মেরামতের দোকানের সামনে গাড়ি থামান। চাকায় হাওয়া দেওয়ার সময় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী ধানের কুড়াবোঝাই একটি ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুলিশের গাড়ির ওপর পড়ে।
দুর্ঘটনার সময় গাড়িতে থাকা অন্য সদস্যরা দ্রুত বের হতে সক্ষম হলেও কনস্টেবল পারভেজ আহমেদ ট্রাকের নিচে চাপা পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের গাড়িচালক সাইফুল ইসলাম জানান, গাড়ির চাকায় হাওয়া দেওয়ার জন্য তারা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পড়ে এবং এ দুর্ঘটনা ঘটে।
ওসি সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ আরও জানায়, নিহত পারভেজ আহমেদ প্রায় সাড়ে ১৫ বছর আগে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
মন্তব্য করুন