
আত্মসমর্পণকারী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১২ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো আত্মসমর্পণকারী চরমপন্থিদের হেফাজতে ছিল।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সিরাজগঞ্জে এসআরবি-১২-এর সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার সর্বহারা দলের ৬৫ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে এসআরবি-১২।
অভিযানের ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এসব বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
মন্তব্য করুন