বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান বিরোধী দলের নেতাদের বক্তব্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিফলন দেখা যাচ্ছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “এখন আমাদের বিরোধী দলের সম্মানিত নেতারা বাইরে যে ভাষায় কথা বলছেন—যেমন, ‘পাঁচ বছর সরকার পরিচালনা করতে দেবো না’—এই একই ভাষায় আগে শেখ হাসিনা কথা বলতেন।”
নব্বইয়ের দশকে বিএনপি সরকারের সময়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “শেখ হাসিনা তখন বলতেন, ‘একটা দিনের জন্যও শান্তিতে থাকতে দেবো না।’ আজ একই ধরনের ভাষা বিরোধী দলের নেতাদের মুখে শোনা যাচ্ছে।”
তবে তিনি বলেন, সরকার বিরোধী দলের প্রতি শ্রদ্ধাশীল। তাঁর মতে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও কার্যকর করতে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, “বিরোধী দল অবশ্যই সরকারের সমালোচনা ও বিরোধিতা করবে। সরকার কোথায় ভুল করছে, তা তুলে ধরবে। তবে এসব আলোচনা সংসদের ভেতরে হলে গণতান্ত্রিক পরিবেশ আরও সুসংহত থাকে।”
মির্জা ফখরুল আরও দাবি করেন, একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাঁর ভাষায়, এ ধরনের প্রচারণা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অবশ্যই পূরণ করা হবে। পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে সংবিধান সংশোধনের যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো সংসদে আলোচনা করা হবে।
সংসদে আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সংস্কার হবে নাকি সংশোধন হবে, সেটি সংসদে বসেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আলোচনার পরও যদি মতৈক্য না হয়, তখন ভিন্ন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু আগে আলোচনা হওয়া প্রয়োজন।
মন্তব্য করুন