
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোর তালিকা পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, কিংবা আইনি জটিলতা, সীমানা বিরোধ ও ভোটার তালিকা পুনর্বিন্যাস নিয়ে কোনো সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৮ নভেম্বরের মধ্যে এ-সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত করা নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকায় সব ইউনিয়নের নাম যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা পুনরায় যাচাই করতে হবে। পাশাপাশি আইনি জটিলতা, সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির অবস্থা এবং নির্বাচন উপযোগী কোনো ইউনিয়নের নাম তালিকা থেকে বাদ পড়েছে কি না, সেসব বিষয়ও পরীক্ষা করতে হবে।
যাচাই-বাছাই শেষে তালিকায় কোনো সংশোধনের প্রয়োজন হলে কিংবা সব তথ্য সঠিক থাকলে তা আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় লিখিতভাবে জানানোর জন্য জেলা নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে কমিশন।
ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশে বর্তমানে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছরেই ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়নগুলো ২০২৭ ও ২০২৮ সালে নির্বাচন উপযোগী হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি, ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন