
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এবং ব্যঙ্গাত্মক বার্তা সংবলিত বিশাল বিশাল বিলবোর্ডে ছেয়ে গেছে ইরানের রাজধানী তেহরান। এসব বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে বিভিন্ন হুমকিমূলক বার্তা ও ছবি প্রদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) তেহরানের ব্যস্ততম ইনকিলাব চত্বরে এমনই একটি বিলবোর্ডের দেখা মেলে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারের লোহার শিক ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিলবোর্ডটিতে লেখা রয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’। এ বার্তাকে ঘিরে শহরজুড়ে আলোচনা তৈরি হয়েছে।
তেহরানের কেন্দ্রস্থলে স্থাপন করা আরেকটি বিশাল বিলবোর্ডেও তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শীর্ষ নেতাদের। এতে জ্বলেপুড়ে যাওয়া পোশাক ও ক্ষতবিক্ষত চেহারায় পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। তাঁদের পেছনে জ্বলতে দেখা যায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকা।
এ ছাড়া শহরের অন্য একটি বিলবোর্ডে লাল রঙ দিয়ে কেটে দেওয়া হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখচ্ছবি। এসব চিত্র ও বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থান এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
তবে এসব বিলবোর্ড ঠিক কবে স্থাপন করা হয়েছে এবং কারা এগুলো স্থাপনের উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলবিরোধী পোস্টার, ব্যানার ও বিলবোর্ড দেখা যাচ্ছে। সাম্প্রতিক এসব বিলবোর্ডে দেশ দুটির শীর্ষ নেতাদের লক্ষ্য করে আরও সরাসরি ও আক্রমণাত্মক বার্তা তুলে ধরা হয়েছে।
মন্তব্য করুন