
দীর্ঘ ৩৯ দিনের অবকাশ ও সরকারি ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ কারণে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে দুপুর আড়াইটা থেকে।
এদিকে, নিয়মিত বিচারকাজ পরিচালনার জন্য গতকাল শনিবার (২৪ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। নতুন করে গঠিত এসব বেঞ্চে আজ থেকে বিচারিক কার্যক্রম চলবে।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলাসহ প্রয়োজনীয় বিষয়ে অবকাশকালীন বেঞ্চে বিচারকাজ পরিচালিত হয়েছে।
দীর্ঘ বিরতির পর নিয়মিত আদালত চালু হওয়ায় আজ থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে স্বাভাবিক বিচারিক কার্যক্রম আবারও শুরু হচ্ছে।
মন্তব্য করুন