সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এর ফলে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তের বিভিন্ন স্টেশনে একাধিক দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তবে চালক ও সংশ্লিষ্টদের তাৎক্ষণিক তৎপরতায় জরুরি ব্রেক (শিকল) প্রয়োগ করে ট্রেনটির গতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
লাইনচ্যুত হওয়ার পর যমুনা সেতুর পূর্ব পাড়ের ইব্রাহিমপুর স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস আটকা পড়ে। একই সময়ে সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ স্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেসও অপেক্ষমাণ অবস্থায় রয়েছে। এছাড়া লাইন বন্ধ থাকায় উত্তর ও পশ্চিমাঞ্চলগামী আরও কয়েকটি ট্রেন নিকটবর্তী স্টেশনগুলোতে থেমে থাকতে বাধ্য হয়েছে।
যমুনা সেতু পশ্চিম (সয়দাবাদ) রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করবে। রেললাইন সচল করতে কিছুটা সময় লাগতে পারে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন্য পশ্চিমাঞ্চল রেল বিভাগের পাকশী কর্তৃপক্ষকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে।
মন্তব্য করুন