
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ১৯ শিশু। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৫৩ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৬ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ৮৪৯ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৯৬। অর্থাৎ, এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯।
এ সময়ের মধ্যে নতুন করে ৮৬৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৪৬। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৫৩১ জনের। একই সময়ে মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
মন্তব্য করুন