
আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জাতির সঙ্গে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি। জনগণের গণরায়ও সরকার উপেক্ষা করেছে।
তিনি বলেন, বিভিন্ন বিল পাসের সময় জামায়াতে ইসলামী তাদের মতামত জানিয়েছিল। তবে কয়েকটি বিষয় ছাড়া তাদের অধিকাংশ মতামত আমলে নেওয়া হয়নি।
রাজনৈতিক নেতাদের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ভোট পাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে পরে তা বাস্তবায়ন না করলে সেটি প্রতারণার শামিল।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের ফলাফল পাকিস্তানের শাসকগোষ্ঠী মেনে না নেওয়ায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। একইভাবে সরকার জনগণের রায় উপেক্ষা করলে সেটিও তারা মেনে নেবেন না।
তিনি বলেন, সংস্কারগুলো বাস্তবায়ন হলে কোনো সরকার স্বেচ্ছাচারিতা করতে পারবে না। সরকার এসব সংস্কার মানছে না বলে জনগণের রায় থেকে তারা সরে দাঁড়াবেন না।
সরকার ভালো কাজ করলে জামায়াত সমর্থন করবে উল্লেখ করে তিনি বলেন, সরকার খারাপ কাজ করলে তার বিরোধিতা করা হবে এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।
র্যাবের ভূমিকার সমালোচনা করে জামায়াত আমির বলেন, র্যাব জাতির সঙ্গে চরম অন্যায় করেছে। এ কারণে তারা র্যাব বিলুপ্ত করার দাবি জানিয়েছিলেন।
তবে তার অভিযোগ, পুরোনো সদস্য ও আগের কার্যক্রম বহাল রেখেই নতুন একটি মোড়ক দেওয়া হয়েছে। এসআরবি গঠনের মাধ্যমে সেটিই করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সম্পদ বণ্টন আইন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কোরআনের বিপরীতে তারা সম্পদ বণ্টন আইন করেছে। তার ভাষায়, এমন দুঃসাহস ইংরেজরাও করেনি।
মন্তব্য করুন