
গাইবান্ধার সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যান থেকে ছিটকে পড়ে দুই পানশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট (কামরাঙ্গার তল) এলাকায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর (হাজীপাড়া) গ্রামের মৃত সোলেমানের ছেলে এনামুল হক (৪০) এবং একই এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় একটি পানের বরজে কাজ করার উদ্দেশ্যে তিন শ্রমিক অটোভ্যানে করে ঘটনাস্থলে আসেন। এ সময় মহাসড়কের পাশে তাদের অটোভ্যানটি দাঁড় করানো ছিল। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
ট্রাকের ধাক্কায় অটোভ্যান থেকে ছিটকে পড়েন শ্রমিকরা। এ সময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এনামুল হক।
দুর্ঘটনায় অটোভ্যানচালকসহ আরও দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। আহত অটোভ্যানচালক আবদুল হামিদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই পানশ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন