
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের (লিংক রোড) একাংশ অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকা থেকে মিছিল নিয়ে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন তারা।
এদিকে একই দাবিতে সাভারের আশুলিয়া ও গাজীপুরেও বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আশুলিয়া ও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আশুলিয়া থানা-পুলিশ ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর কর্মকর্তারা জানান, সোমবার সকাল থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। পরে বিভিন্ন কারখানা থেকে বের হয়ে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।
মন্তব্য করুন