
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। নির্বাচনে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভোটের পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন জোটের নেতারা। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নেতারা জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঠাকুরগাঁওয়ের নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তাঁদের আশঙ্কা রয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। ভোটাররা ভোট দিলেও ভোট গণনা সঠিকভাবে হবে কি না, তা নিয়ে ১১ দলীয় ঐক্যের মধ্যে সন্দেহ রয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁওয়ের নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার পরও নির্বাচন কমিশনের উদ্যোগ তাঁদের হতাশ করেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইউএনওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ভোটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করা জরুরি।
আগামীকালের নির্বাচনকে নির্বাচন কমিশনের জন্য বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভোটের পরিবেশ সন্তোষজনক না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মন্তব্য করুন