
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান।

সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়।
নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। ওই সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত থাকলেও তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি।
এ অবস্থায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা (১) অনুযায়ী চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হয়েছে। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনটিতে নির্বাচিত হন।
মন্তব্য করুন