
নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা চলতি অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। তবে নতুন বেতন কাঠামো অনুযায়ী তাঁদের দ্রুত বেতন দেওয়ার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাউশি মহাপরিচালক বলেন, ‘নতুন পে স্কেল অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত সময়ের মধ্যে বেতন পান, সে জন্য কাজ চলছে।’
তিনি জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন মাউশি ডিজি।
মাদ্রাসার বেতন হিসাবেই বিলম্বের কারণ
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেল কার্যকরে দেরির অন্যতম কারণ মাদ্রাসায় কর্মরত জনবলের বেতন হিসাবের পদ্ধতি। মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন এখনো হাতে-কলমে হিসাব করতে হয়। অন্যদিকে, স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, মাদ্রাসার বেতন হিসাবের কাজ শেষ করতে তুলনামূলক বেশি সময় প্রয়োজন হচ্ছে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নেও বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন পেতে কিছুটা সময় লাগবে। আমরা চেষ্টা করছি আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যে শিক্ষক-কর্মচারীদের নতুন স্কেলে বেতন দেওয়ার। তবে সেটি সম্ভব নাও হতে পারে।’
সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী একসঙ্গে পাবেন বেতন
স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগে নতুন পে স্কেলে বেতন দিয়ে পরে মাদ্রাসার জনবলকে অন্তর্ভুক্ত করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ বিভাগের ওই কর্মকর্তা বলেন, ‘এটি আসলে সম্ভব নয়। দুটি আলাদা বিভাগ হলেও মন্ত্রণালয় একই। এজন্য সবাই একসঙ্গেই নতুন পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন।’
অর্থাৎ, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে এমপিওভুক্ত স্কুল, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা একই সঙ্গে এর আওতায় আসবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
আগেই নতুন পে স্কেলে বেতনের আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী
এর আগে গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।
তবে তাঁদের জন্য নতুন পে স্কেল কার্যকরের নির্দিষ্ট সময় এখনো নিশ্চিত হয়নি। ফলে কবে থেকে নতুন বেতন-ভাতা পাওয়া যাবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
মন্তব্য করুন