
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখোমুখি আলোচনায় বসলে দুই দেশের অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এ বিষয়ে আমার পুরো আত্মবিশ্বাস আছে।
তিনি আরও বলেন, মানুষ এক আছে, সমাধান হবেই। কোনো নেতিবাচক বিষয় নেই, সব ইতিবাচক আছে।
ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যকার সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখা প্রয়োজন।
বাংলাদেশে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে তিনি বলেন, এই চাহিদা পূরণে আরও ভিসা আবেদন কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ভিসা পেতে সাধারণ মানুষের খরচ কমানো এবং ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে।
বাংলাদেশের মানুষের আচরণের প্রশংসা করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।
মন্তব্য করুন