
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

আহত রুবেল হোসেন উপজেলার শ্যামকুড় মাঠপাড়া এলাকার বাসিন্দা এবং মজিবর রহমানের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার রাতে রুবেল কয়েকজনকে সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানার মাহেন্দ্রক্যাম্প এলাকার বিএসএফের একটি টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল আহত হন।
ঘটনার পর তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর হাসপাতালে এবং পরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, একজন বাংলাদেশি আহত হয়েছেন এবং বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। আহতের পরিবারের সঙ্গে বিজিবির যোগাযোগ হয়েছে বলেও তিনি জানান।
মন্তব্য করুন