সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি ও কূটনৈতিক—দুই পর্যায়েই সক্রিয় উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজীর আহমেদের বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি কূটনৈতিক চ্যানেলও ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদ যাতে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে দেশটির আদালত শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন।
তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটিকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং দ্রুত জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদকে আনুষ্ঠানিকভাবে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্রও প্রস্তুত করা হচ্ছে, যা আদালতে জমা দেওয়া হবে।
এ ছাড়া সরকার মনে করছে, সাবেক এই পুলিশপ্রধানের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য এই বিষয়টি সরকারের আইনি কৌশল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
মন্তব্য করুন