skynews
২৫ অক্টোবর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসি, কেইন, এমবাপ্পে নাকি ইয়ামাল-২০২৬ সালের ব্যালন ডি’অর জিতবেন কে?

মেসি, কেইন, এমবাপ্পে নাকি ইয়ামাল-২০২৬ সালের ব্যালন ডি’অর জিতবেন কে?

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ঘিরে চলছে নানা জল্পনা। রেকর্ড নবমবারের মতো এই পুরস্কার কি উঠবে লিওনেল মেসির হাতে? নাকি প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়বেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন কিংবা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে? বর্তমান চ্যাম্পিয়ন উসমান দেম্বেলে কি ধরে রাখতে পারবেন নিজের শ্রেষ্ঠত্ব? নাকি মাত্র ১৯ বছর বয়সেই সবাইকে চমকে দেবেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল?

মেসি, কেইন, এমবাপ্পে নাকি ইয়ামাল-২০২৬ সালের ব্যালন ডি’অর জিতবেন কে?

২০২৬ সালের ব্যালন ডি’অর কে জিতবেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। আলোচনায় থাকা এই তারকাদের বাইরে থেকেও কি কেউ জিতে নিতে পারেন সেরার মুকুট? ৩০ জনের প্রাথমিক তালিকা থেকে শেষ পর্যন্ত কার হাতে উঠবে পুরস্কার, তার উত্তর মিলবে লন্ডনে সোমবার রাতের অনুষ্ঠানে খাম খোলার পর।

চলুন, এবারের ব্যালন ডি’অরের দৌড়ে আলোচনায় থাকা তারকাদের পারফরম্যান্স ও সম্ভাবনা দেখে নেওয়া যাক।

হ্যারি কেইন: গোল, শিরোপা ও ব্যক্তিগত অর্জনে এগিয়ে

দীর্ঘদিন ধরে ট্রফি জিততে না পারার আক্ষেপ শুনতে হয়েছে হ্যারি কেইনকে। তবে এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। ক্লাব ও জাতীয় দলের হয়ে তাঁর পারফরম্যান্স ব্যালন ডি’অরের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাঁকে।

ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৬৫ ম্যাচে ৭৩ গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন কেইন। বুন্দেসলিগায় ৩৬ গোল করে টানা তৃতীয়বারের মতো হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুটও। তাঁর নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ জিতেছে বুন্দেসলিগা, জার্মান কাপ বা ডিএফবি পোকাল এবং সুপার কাপ। চ্যাম্পিয়নস লিগেও দলটি পৌঁছেছে সেমিফাইনালে।

কেইনের অবদান শুধু গোল করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আক্রমণ তৈরি করা, প্রতিপক্ষকে চাপে রাখা এবং সতীর্থদের জন্য সুযোগ সৃষ্টি করাসহ দলের খেলায় নানা ভূমিকায় দেখা গেছে তাঁকে।

বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে ৬ গোল করেছেন কেইন। তাঁর দল তৃতীয় স্থান অর্জন করেছে, যা গত ৬০ বছরে বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা ফল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে শিরোপা জিততে না পারার বিষয়টি তাঁর জন্য বড় বাধা হতে পারে। উত্তর আমেরিকার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারায় ভোটারদের বিবেচনায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ৭৩ গোল, একাধিক শিরোপা ও গোল্ডেন বুটের মতো অর্জন তাঁকে শক্ত অবস্থানে রেখেছে।

See also  আগামী জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন শেষ করার পরিকল্পনা

কেইন ব্যালন ডি’অর জিতলে ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার পাবেন তিনি। লন্ডনের মঞ্চে এমন অর্জন তাঁর ক্যারিয়ারে যোগ করবে বিশেষ মাত্রা।

লামিন ইয়ামাল: ১৯ বছরেই কি ইতিহাসের হাতছানি?

অল্প বয়সেই বিশ্ব ফুটবলে নিজের অবস্থান শক্ত করেছেন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সে ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা তাঁকে এবারের আলোচনার অন্যতম আকর্ষণীয় নাম করে তুলেছে।

গত মৌসুমে লা লিগায় ১৬ গোল ও ১২টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। বার্সেলোনা জিতেছে লিগ শিরোপা, আর তিনি হয়েছেন লিগের বর্ষসেরা খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগে ১০ ম্যাচে করেছেন ৬ গোল ও ৪টি অ্যাসিস্ট। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোল ২৬টি, অ্যাসিস্ট ২১টি।

এরপর স্পেনের বিশ্বকাপজয়ী দলের আক্রমণভাগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বল পায়ে গতি, অসাধারণ ড্রিবলিং, সতীর্থদের জন্য সুযোগ তৈরি এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

তবে ইয়ামালের ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে তাঁর অবদান কতটা ছিল, সেটিও ভোটারদের বিবেচনায় আসতে পারে। ক্লাব ও জাতীয় দল-দুই পর্যায়েই সাফল্য পেলেও তা ব্যালন ডি’অর জয়ের জন্য যথেষ্ট হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

ইয়ামাল পুরস্কারটি জিতলে গড়বেন ঐতিহাসিক নজির। কারণ, এর আগে ২১ বছরের কম বয়সে কেউ ব্যালন ডি’অর জিততে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কিলিয়ান এমবাপ্পে: গোলের বন্যা, কিন্তু বড় শিরোপার অভাব

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্রত্যাশা দীর্ঘদিনের। মোনাকোর হয়ে কিশোর বয়সে আলোচনায় আসার পর থেকেই তাঁকে সম্ভাব্য ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে দেখা হয়েছে। কিন্তু ২৭ বছর বয়সেও পুরস্কারটি জেতা হয়নি ফরাসি এই ফরোয়ার্ডের।

ব্যক্তিগত পারফরম্যান্সে অবশ্য এবারও উজ্জ্বল এমবাপ্পে। লা লিগায় ২৫ গোল করে হয়েছেন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। চ্যাম্পিয়নস লিগেও ১৫ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় সবার ওপরে ছিলেন তিনি। রিয়াল মাদ্রিদের বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন।

দলের কঠিন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রিয়াল মাদ্রিদ বড় কোনো দলীয় শিরোপা জিততে পারেনি। লা লিগায় রানার্সআপ হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় দলটি। হাঁটুর চোটও তাঁর মৌসুমে প্রভাব ফেলেছিল।

See also  শনিবার শিক্ষার্থীদের ক্লাস বন্ধ, খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস

তবে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এমবাপ্পে। টুর্নামেন্টে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। ফ্রান্স শেষ পর্যন্ত সেমিফাইনালে স্পেনের কাছে এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায়।

শুধু গোলের হিসাব বিবেচনায় নিলে এমবাপ্পে শক্তিশালী দাবিদার। কিন্তু ব্যালন ডি’অর নির্ধারণে ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলীয় সাফল্য কতটা গুরুত্ব পাবে, তার ওপরই নির্ভর করবে তাঁর ভাগ্য।

উসমান দেম্বেলে: শিরোপার সমৃদ্ধ ঝুলি, কিন্তু চ্যালেঞ্জও কম নয়

গতবারের বিজয়ী উসমান দেম্বেলেকেও হিসাবের বাইরে রাখা যাচ্ছে না। পিএসজির হয়ে তাঁর অর্জনের তালিকা বেশ সমৃদ্ধ। চ্যাম্পিয়নস লিগ, ফ্রেঞ্চ লিগ বা লিগ ওয়ান, উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ট্রফি দে শঁপিয়নের মতো শিরোপা জিতেছেন তিনি।

তবে এবার তাঁর পথে রয়েছে কিছু বাধা। মৌসুমের প্রথমার্ধে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। অন্যদিকে বিশ্বকাপেও তাঁর পারফরম্যান্স সতীর্থদের তুলনায় আলোচনায় কিছুটা আড়ালে ছিল।

বিশ্বকাপে ক্যারিয়ারের প্রথম গোল করার পাশাপাশি নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিকসহ মোট ৬টি গোল করেছেন দেম্বেলে। কিন্তু এমবাপ্পে ও মাইকেল ওলিসের মতো সতীর্থদের পারফরম্যান্সের কারণে তাঁর অবদান তুলনামূলকভাবে কম আলোচিত হয়েছে।

টানা দ্বিতীয়বার ব্যালন ডি’অর জিততে হলে যে ধারাবাহিক ও প্রশ্নাতীত শ্রেষ্ঠত্ব প্রয়োজন, এবার দেম্বেলে তা দেখাতে পেরেছেন কি না, সেটিই বড় প্রশ্ন।

রদ্রি: পরিসংখ্যানের বাইরের প্রভাবই তাঁর শক্তি

ব্যালন ডি’অরের আলোচনায় রদ্রির নামও গুরুত্বপূর্ণ। গোল কিংবা অ্যাসিস্টের সংখ্যা দিয়ে তাঁর অবদান পুরোপুরি বোঝা যায় না। মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ, সতীর্থদের মধ্যে সমন্বয় এবং দলের ছন্দ ধরে রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

স্পেনের বিশ্বকাপজয়ী অভিযানে আটটি ম্যাচেই খেলেছেন রদ্রি। দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও পেয়েছেন তিনি। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পাস দেওয়ার নতুন রেকর্ড গড়ার কথাও উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ইউরোতে স্পেনের শিরোপা জয়ে রদ্রির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সে সময়ও তাঁর মাঠের প্রভাবের যথাযথ মূল্যায়ন হয়েছিল এবং ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি।

See also  হিন্দুদের আত্মীয় মনে করেই দুর্গাপূজার ছুটি বাড়ানো হয়েছে: শাহে আলম

তবে এবার ক্লাব পর্যায়ে তাঁর পারফরম্যান্স কিছুটা দুর্বল ছিল। চোটের কারণে ম্যানচেস্টার সিটির হয়ে ৩৩ ম্যাচে মাত্র ২ গোল করেছেন তিনি। দলও বড় কোনো শিরোপা জিততে পারেনি।

বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স তাঁকে আলোচনায় রাখলেও ক্লাব পর্যায়ের সীমিত সাফল্য ব্যালন ডি’অরের দৌড়ে তাঁর জন্য বড় বাধা হতে পারে।

লিওনেল মেসি: নবম ব্যালন ডি’অরের অপেক্ষায় কিংবদন্তি

ব্যালন ডি’অরের আলোচনায় লিওনেল মেসির নাম থাকাটাই যেন আলাদা এক গল্প। ৩৯ বছর বয়সেও তাঁর পারফরম্যান্স এবং অর্জন তাঁকে আলোচনার কেন্দ্রে রেখেছে। এবার তাঁর সামনে রয়েছে রেকর্ড নবমবারের মতো পুরস্কার জয়ের সম্ভাবনা।

ইন্টার মায়ামির হয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম এমএলএস কাপ জিতেছেন মেসি। পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি। প্লে-অফের ছয় ম্যাচে করেছেন ৬ গোল ও ৭টি অ্যাসিস্ট। পুরো মৌসুমে তাঁর গোল ৪৪টি, অ্যাসিস্ট ৩০টি।

বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। টুর্নামেন্টে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। গোলসংখ্যায় মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি জিতেছেন বিশ্বকাপের সিলভার বল ও সিলভার বুট।

তবে ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার রানার্সআপ হওয়া মেসির জন্য কিছুটা নেতিবাচক হতে পারে। ভোটাররা দলীয় সাফল্যকে কতটা গুরুত্ব দেবেন, তা বড় বিষয়। একই সঙ্গে এমএলএসে তাঁর পারফরম্যান্স ইউরোপীয় ভোটারদের কাছে কতটা প্রভাব ফেলবে, সেটিও অনিশ্চিত।

তারপরও মেসির গোল, অ্যাসিস্ট এবং ব্যক্তিগত অর্জনের দিকে তাকালে তাঁকে পুরোপুরি হিসাবের বাইরে রাখা কঠিন। শেষ পর্যন্ত তাঁর হাতে নবম ব্যালন ডি’অর উঠলে তা হবে ফুটবল ইতিহাসের আরেকটি স্মরণীয় অধ্যায়।

শেষ পর্যন্ত কার হাতে উঠবে সেরার মুকুট?

হ্যারি কেইনের গোল ও শিরোপা, ইয়ামালের তারুণ্য ও সৃজনশীলতা, এমবাপ্পের অবিশ্বাস্য গোলসংখ্যা, দেম্বেলের দলীয় সাফল্য, রদ্রির মাঝমাঠের প্রভাব কিংবা মেসির কিংবদন্তিতুল্য পারফরম্যান্স-প্রত্যেকের পক্ষেই রয়েছে আলাদা যুক্তি।

তবে ব্যালন ডি’অরের চূড়ান্ত সিদ্ধান্তে ব্যক্তিগত পরিসংখ্যান, দলীয় সাফল্য এবং ভোটারদের মূল্যায়ন-সবকিছুই ভূমিকা রাখবে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করে বলা কঠিন, কার হাতে উঠবে ফুটবল বিশ্বের কাঙ্ক্ষিত এই পুরস্কার। সোমবার রাতে লন্ডনের মঞ্চেই মিলবে সেই প্রতীক্ষিত উত্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০