
আগামী বছরের জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন-এই পাঁচ স্তরের নির্বাচন এ সময়ের মধ্যে শেষ করা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন আয়োজন নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা হবে। তবে এসব নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে।
ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে মীর শাহে আলম বলেন, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে ডেনমার্ক।
এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
মন্তব্য করুন