
নেপালে ভয়াবহ বন্যার পর বাংলাদেশের সহমর্মিতা ও মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ কৃতজ্ঞতা জানান তিনি।
চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন, গত ২৬ আগস্ট নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিশীল বার্তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভয়াবহ এ বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাব দেশটির জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর গভীর ও দীর্ঘস্থায়ী হয়েছে।
বালেন্দ্র শাহ আরও বলেন, এই কঠিন সময়ে চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে, তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। নেপালের জনগণকে এই মর্মান্তিক পরিস্থিতি কাটিয়ে উঠে নতুন করে জীবন গড়ে তুলতে বাংলাদেশের এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন বালেন্দ্র শাহ। তার মতে, এ উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির প্রকাশ।
চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে দেখে না; শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে।
প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশের সহমর্মিতা ও সহযোগিতা নেপালের জনগণকে গভীরভাবে স্পর্শ করেছে উল্লেখ করে বালেন্দ্র শাহ বলেন, বাংলাদেশের এই সহযোগিতা ও সংহতির কথা নেপালের জনগণের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন