
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর আড়াইটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় ২৬টি মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন।
ইসি জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে আলোচনা করে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে। নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। কয়েকটি ধাপে এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ইউপি নির্বাচন শেষে স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নির্বাচনও ধাপে ধাপে আয়োজন করবে নির্বাচন কমিশন।
এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি এই উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েও আজকের বৈঠকে আলোচনা করবে ইসি।
মন্তব্য করুন