
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন সেক্টর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের চক্রান্ত এখন স্পষ্ট হয়ে উঠেছে। তার অভিযোগ, ভারতের ইন্ধনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন খাতেও ভারতের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি।
গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিএনপি যুদ্ধবিধ্বস্ত একটি দেশের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক অঙ্গীকারের ভিত্তিতেই সরকার দেশ পরিচালনা করছে।
সমাবেশে রুহুল কবির রিজভী আরও প্রশ্ন তোলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে, ভারত কীভাবে তাদের পৃষ্ঠপোষকতা করছে।
তিনি বলেন, শেখ হাসিনাকে ঘিরে ভারত যে চক্রান্ত করছে, তা নিয়ে বিরোধী দল নিশ্চুপ রয়েছে।
দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
মন্তব্য করুন