
এক মাসের ব্যবধানে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। এবার প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।

বুধবার রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
এদিকে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮ ডলার। নির্ধারিত এ দামের সঙ্গে কাস্টমস ডিউটি ও ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা নির্ধারণ করেছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১ দশমিক ০৭ ডলার করা হয়।
ফলে সেপ্টেম্বরে দাম বাড়ানোর এক মাসের মধ্যেই দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হলো।
মন্তব্য করুন