
দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই নতুন করে আরও ১০ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

উজানে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, সোমেশ্বরী, ভুলাই ও কংস নদীর পানি দ্রুত বাড়ছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়ায় তিস্তা নদীতে পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার চরাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদীর পানিও আগামী কয়েকদিন বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে উজানের ঢলের প্রবাহ কমে এলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে, যা বন্যা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন