
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কেশারপাড় ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় সেনবাগ-সোনাইমুড়ী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোশারফ হোসেন মজুমদার (৫৫) কেশারপাড় ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। দুর্ঘটনায় আহত আবদুল হক ওরফে সুমন কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আহত অপর ব্যক্তি অটোরিকশার চালক। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় ইউপি কার্যালয় থেকে বের হয়ে অটোরিকশায় করে কানকির হাটের দিকে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান আবদুল হক ও মোশারফ হোসেন মজুমদার। তাঁরা রাস্তার মাথা এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং চালকসহ তিনজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে মোশারফ হোসেন মজুমদারের মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার শনিবার রাতে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন