
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে অধ্যায় শেষ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বে আসতে পারে পরিবর্তন। মেসির উত্তরসূরি হিসেবে স্থায়ী অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো। ইএসপিএনের সাংবাদিক এস্তেবান এদুলের বরাত দিয়ে এমন খবর প্রকাশিত হয়েছে।

তবে নতুন অধিনায়ক হিসেবে রোমেরোর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফলে বিষয়টি নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে সংস্থাটির আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য।
মেসি নিয়মিত অধিনায়ক থাকাকালীনই আর্জেন্টিনা দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে প্রথমবার জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড পরেন এই ডিফেন্ডার। শারীরিক অস্বস্তির কারণে ওই ম্যাচে মেসি বেঞ্চে ছিলেন। রোমেরোর নেতৃত্বে ম্যাচটি ১-০ গোলে জেতে আর্জেন্টিনা।
এরপর ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেও দলকে নেতৃত্ব দিয়েছেন রোমেরো। ফলে মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার নেতৃত্ব তার হাতে যাওয়ার সম্ভাবনা আগে থেকেই তৈরি হয়েছিল।
২৮ বছর বয়সী রোমেরোর আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২০২১ কোপা আমেরিকার আগে চিলির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। এরপর লিওনেল স্কালোনির দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি।
এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ৫৮টি ম্যাচ খেলেছেন রোমেরো, যেখানে তার গোলসংখ্যা চারটি।
রোমেরোর জাতীয় দল ক্যারিয়ারে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ফিনালিসিমা জিতেছে। মেসি, অ্যাঞ্জেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিদের প্রজন্মের পর নতুন নেতৃত্বের অন্যতম মুখ হয়ে উঠতে পারেন এই টটেনহাম ডিফেন্ডার।
২৮ বছর বয়সে স্থায়ী অধিনায়কত্ব পেলে রোমেরোর সামনে দীর্ঘ সময় আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকবে। এমনকি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের সম্ভাবনাও রয়েছে তার।
তবে আপাতত রোমেরোর অধিনায়ক হওয়া নিশ্চিত নয়। এএফএর আনুষ্ঠানিক ঘোষণার পরই বিষয়টি স্পষ্ট হবে। যদিও একাধিক প্রতিবেদনে মেসির পর আর্জেন্টিনার স্থায়ী অধিনায়ক হিসেবে রোমেরোকেই সবচেয়ে বেশি এগিয়ে রাখা হয়েছে।
মন্তব্য করুন