
ভারত থেকে কেনা ২০০টি ব্রডগেজ রেলকোচের মধ্যে প্রথম চালানের ১৮টি কোচ বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে।

২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ে ও ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় এসব কোচ সরবরাহ করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, ভারত থেকে মোট ২০০টি এলএইচবি ব্রডগেজ রেলকোচ সরবরাহ করার কথা রয়েছে।
শুক্রবার দর্শনা সীমান্তে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা কোচগুলো গ্রহণ করেন। নতুন রেলকোচ দেখতে সীমান্ত এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।
প্রথম চালানে আসা ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার এবং দুটি এসি পাওয়ার কার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। পরে সেগুলো পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে রাখা হয়। সেখান থেকে শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত অতিক্রম করে দর্শনা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
দর্শনায় কাস্টমস ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর কোচগুলো পরীক্ষার জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে কোচগুলো রেলওয়ের বহরে যুক্ত করা হবে। এর ফলে যাত্রীসেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে।
পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, শুক্রবার কোচগুলো দর্শনা বন্দরে প্রবেশ করেছে। এরপর সেগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে ট্রায়াল রান সম্পন্ন করার পর কোচগুলোর মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ে ও রাইটসের মধ্যে ২০২৪ সালে হওয়া চুক্তি অনুযায়ী, পর্যায়ক্রমে মোট ২০০টি এলএইচবি ব্রডগেজ কোচ সরবরাহ করা হবে। এরই অংশ হিসেবে প্রথম চালানে ১৮টি কোচ দেশে এসেছে।
মন্তব্য করুন