skynews
৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনজীরকে দেশে ফেরাতে সরকারের নেওয়া পদক্ষেপ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে দেশে ফেরাতে সরকারের নেওয়া পদক্ষেপ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি সরকার এ পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তা সংসদে তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বেনজীরকে দেশে ফেরাতে সরকারের নেওয়া পদক্ষেপ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জনস্বার্থের সঙ্গে জড়িত। তাই সরকার আইনের শাসন, ন্যায়বিচার এবং আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্ত সংস্থার অনুরোধ ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। গত বছরের ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি হয়, যা এখনো কার্যকর রয়েছে।

গ্রেপ্তারের চার দিনের মধ্যেই প্রত্যর্পণ অনুরোধ

সালাহউদ্দিন আহমদ বলেন, চলতি বছরের ১২ জুন আবুধাবির এনসিবি (ইন্টারপোল) আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানায় যে বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে আমিরাতের ফেডারেল আইনের আওতায় ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে বাংলাদেশকে বলা হয়।

তবে ওই সময়সীমার জন্য অপেক্ষা না করে মাত্র চার দিনের মধ্যে, ১৬ জুন আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠানো হয় বলে জানান মন্ত্রী। একই দিনে তথ্য ও সমন্বয়ের জন্য অনুরোধটির একটি অনুলিপি এনসিবি আবুধাবিকেও দেওয়া হয়।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়নি বা এতে বিলম্ব হয়েছে-এমন ধারণা সঠিক নয়। বাংলাদেশ নির্ধারিত সময়ের যথেষ্ট আগেই প্রয়োজনীয় অনুরোধ পাঠিয়েছে।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি না থাকায় আমিরাতের অভ্যন্তরীণ আইন ও পারস্পরিক সহযোগিতার নীতির ভিত্তিতে এ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

See also  নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

অতিরিক্ত নথি চেয়েছে আমিরাত

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনার পর গত ৮ জুলাই আমিরাতের মিনিস্ট্রি অব জাস্টিস অতিরিক্ত তথ্য ও নথিপত্র চায়।

এর মধ্যে রয়েছে নির্দিষ্ট ভাষায় রেসিপ্রোসিটি আন্ডারটেকিং, বাংলাদেশের আনুষ্ঠানিক বিবৃতি ও প্রত্যর্পণ অনুরোধ, মামলা দায়ের ও দণ্ড কার্যকরের তামাদি-সংক্রান্ত আইনি বিধানের আনুষ্ঠানিক বিবৃতি ও সত্যায়িত অনুলিপি এবং উপযুক্ত বিচারিক কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা।

তিনি জানান, প্রয়োজনীয় নথিপত্র প্রথমে ইংরেজিতে প্রস্তুত করে পরে আরবি ভাষায় অনুবাদ করতে হয়। এরপর সেগুলো সত্যায়ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক), সংশ্লিষ্ট বিচারিক ও আইনগত কর্তৃপক্ষ এবং এনসিবি ঢাকার সমন্বয়ে এসব নথি প্রস্তুত করা হয়। পরে গত ৪ আগস্ট অতিরিক্ত তথ্য ও সহায়ক নথিপত্র কূটনৈতিক চ্যানেলে আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এরপর ২২ আগস্ট আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশের আইনে মামলা দায়েরের তামাদি এবং দণ্ডের মেয়াদোত্তীর্ণতার বিষয়ে আরও সুনির্দিষ্ট আইনি বিবৃতি ও সংশ্লিষ্ট আইনের পূর্ণাঙ্গ বিবরণ চায়। এসব তথ্য ও নথি পাঠানোর জন্য আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

আইনি মতামতের ভিত্তিতে জবাব প্রস্তুত

মন্ত্রী বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনায় আইন ও বিচার বিভাগের আইনি মতামত গত ১ সেপ্টেম্বর অনুমোদিত হয়। পরদিন ২ সেপ্টেম্বর দুদকের মতামত পাওয়া যায়। এসব মতামতের ভিত্তিতে আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে পাঠানোর জন্য একটি পূর্ণাঙ্গ জবাব প্রস্তুত করা হয়েছে।

প্রয়োজনীয় নথির সত্যায়ন ও আরবি অনুবাদসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই কূটনৈতিক চ্যানেলে তা পাঠানোর কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমি এখানে লবিতে বসেই সেই নথিতে সই করেছি একটু আগে।

প্রত্যর্পণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। শুধু ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তার হলেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না।

See also  রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে শ্বা*স*রোধে হ*ত্যা করা হয়েছে

তার ভাষ্য, অনুরোধপ্রাপ্ত দেশের সেন্ট্রাল অথরিটি ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের ধরন, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।

আবুধাবিতে আইনজীবী নিয়োগ

বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে গত ৩০ জুলাই আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানান মন্ত্রী। প্রতিষ্ঠানটি আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে বেনজীর আহমেদ আমিরাতের আদালত থেকে জামিন পেয়েছেন—এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর গত ২ আগস্ট এনসিবি ঢাকা, এনসিবি আবুধাবিকে তার বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখা, সংশ্লিষ্ট ইমিগ্রেশন ও বর্ডার কন্ট্রোল পয়েন্টে নজরদারি নিশ্চিত করা এবং তার আইনগত ও অভিবাসনগত অবস্থার গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে বাংলাদেশকে অবহিত করার অনুরোধ জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ

পররাষ্ট্র মন্ত্রণালয়ও বেনজীরের জামিন সংক্রান্ত আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনে জামিন পুনর্বিবেচনা বা বাতিলের জন্য পদক্ষেপ এবং বেনজীরের বর্তমান অবস্থার হালনাগাদ তথ্য সংগ্রহের অনুরোধ করা হয়েছে।

বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনির্ভরযোগ্য কোনো সূত্রের ভিত্তিতে তার বর্তমান অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

তিনি আরও জানান, বেনজীরের অবস্থান অন্য কোনো দেশে আনুষ্ঠানিকভাবে শনাক্ত হলে সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ আইন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান চুক্তি বা পারস্পরিক সহযোগিতার নীতি এবং প্রযোজ্য আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রত্যর্পণ বা অন্য আইনসম্মত ব্যবস্থা নেওয়া হবে।

পাসপোর্ট জালিয়াতির মামলাও তদন্তাধীন

বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুদকে পৃথক একটি মামলা হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের দায় নির্ধারণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

See also  গঙ্গার পানি বাড়তে থাকায় বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার দাবি

এ ছাড়া বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে দুদক ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট’ পাঠিয়েছে বলেও সংসদে জানান মন্ত্রী।

সবশেষে তিনি বলেন, কোনো ব্যক্তির জামিন পাওয়া প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হওয়ার অর্থ নয়। একইভাবে প্রত্যর্পণের আগে প্রয়োজনীয় আইনগত ও বিচারিক ধাপ সম্পন্ন করতে সময় লাগাকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবেও দেখা ঠিক হবে না।

তার দাবি, বাংলাদেশ নির্ধারিত সময়ের আগেই প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথি সরবরাহ করেছে, স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং বেনজীরের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

২

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৪

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৫

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৬

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৭

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৮

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

১০

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১১

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১২

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১৩

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৪

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৫

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৬

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৭

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৮

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৯

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

২০