
রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে।
এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির পাশাপাশি সমাবেশে ব্যবহৃত চেয়ার ছোড়াছুড়ি করা হয়। এতে সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি নেতাদের বক্তব্য শেষে সমাবেশের প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বক্তব্য দিচ্ছিলেন। এ সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট অঙ্গসংগঠনের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
এ নিয়ে বিএনপি ও ছাত্রদলের বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। পরে সমাবেশে রাখা চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
তবে জেলা ছাত্রদলের নেতা আব্দুস সবুর বুলেট ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়ির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্ট প্রতিবেদককে ঘটনার ছবি তার হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য বলেন।
অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজনা দেখা দিলে সংসদ সদস্য নিজেই হট্টগোলকারী নেতাদের বক্তব্য দেওয়ার আহ্বান জানান। কিন্তু তারা তা না মেনে সমাবেশস্থলে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়ির মতো অরাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, তিনি ছুটিতে ছিলেন এবং রাতে থানায় ফিরেছেন। তবে সমাবেশে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হননি।
মন্তব্য করুন