
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজারের কার্যক্রম। পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি চলবে। আগামী ২৫ অক্টোবর থেকে ব্যাংকিং কার্যক্রম আবার স্বাভাবিক হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। তবে এ সময়ে গ্রাহকেরা এটিএম বুথের মাধ্যমে প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।
ব্যাংকের পাশাপাশি দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময় লেনদেন বন্ধ থাকবে।
তবে দুর্গাপূজার ছুটিতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে সেবা চালু রাখা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, দুর্গাপূজার ছুটির সঙ্গে সমন্বয় করতে গত শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়।
মন্তব্য করুন