
ঝিনাইদহে ছাত্রাবাসের একটি কক্ষ ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ানশুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-ফয়সাল আহমেদ, নাসিব রহমান অন্তর ও আব্দুল হাই।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি ছাত্রাবাসে কক্ষ ভাড়া নিয়ে ফয়সাল আহমেদ দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন-এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফয়সালসহ তার দুই সহযোগীকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ানশুটার গান এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন