
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে আজ রাতে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন দুই দেশের নেতারা।
এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকালে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
এসব বৈঠক ও আলোচনার মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।
মন্তব্য করুন