
সৌদি আরবে আবাসন, সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র এক সপ্তাহের অভিযানে ১২ হাজার ৩৬৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি পুলিশের পরিচালিত এই অভিযানে প্রায় ১৪ হাজার মানুষকে আটক করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে প্রায় ৭ হাজার ছিলেন দেশটিতে অবৈধভাবে বসবাসকারী। অন্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা কিংবা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
আটক ও ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ ছাড়া ভ্রমণ ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের জন্য হাজার হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।
অবৈধভাবে বসবাসকারীদের আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের বিরুদ্ধেও কঠোর সতর্কতা জারি করেছে সৌদি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘন করে কাউকে থাকার ব্যবস্থা করে দেওয়া, কাজের সুযোগ দেওয়া কিংবা চলাচলে সহযোগিতা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত গাড়ি বা বাড়ি বাজেয়াপ্ত করা হতে পারে বলেও সতর্ক করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি কর্তৃপক্ষের এই অভিযান দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস ও কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন