
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নেতাদের ওপর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা ইরানি নেতাদের ওপর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছি, কারণ এখন আমরা আর জানি না যে আমরা কার সঙ্গে ডিল করছি।’
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে দেশটির সাবেক নেতা এবং শীর্ষ কর্মকর্তাদের নিহত হওয়ার প্রসঙ্গেই ট্রাম্প এ মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার কারণে দেশটির সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের উপযুক্ত প্রতিনিধিকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। নেতৃত্ব পর্যায়ে একাধিক ব্যক্তির মৃত্যুতে ইরানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের নেতৃত্ব কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সে বিষয়ে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয়।
ওহাইওর সমাবেশে ট্রাম্প আরও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি ইরানকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবেও উল্লেখ করেন।
মন্তব্য করুন