
রাজশাহীর কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকায় বিদ্যুতের অতিরিক্ত ভোল্টেজের কারণে তিনটি মহল্লার প্রায় অর্ধেক বাড়ির টিভি, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে একটি বিকল্প ট্রান্সফরমার চালু করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, বাখরাবাজ এলাকার মসজিদের সামনে থাকা একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় বাখরাবাজ মোল্লাপাড়া, বাখরাবাজ মধ্যপাড়া ও বাখরাবাজ স্কুলপাড়া মহল্লায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কাটাখালী কার্যালয়ে যোগাযোগ করেন।
পরে নেসকোর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নষ্ট ট্রান্সফরমারটি মেরামতের উদ্যোগ নেন। রাত ২টার দিকে একটি পোর্টেবল ট্রান্সফরমার এনে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদের সামনে থাকা একটি বৈদ্যুতিক বাল্ব পুড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে কর্মীরা দ্রুত সংযোগ বন্ধ করে দেন। তবে এর আগেই তিন মহল্লার প্রায় ৩০০ বাড়ির টিভি, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা একে একে বাড়ি থেকে বেরিয়ে এসে নেসকোর কর্মীদের আটকে রাখেন। কয়েকজন কর্মীকে মারধরও করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নেসকোর কর্মীরা থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, নেসকোর কর্মীদের ভুলের কারণেই সম্ভবত অতিরিক্ত ভোল্টেজ সরবরাহ হয়েছে। এতে অনেক বাড়ির ইলেকট্রনিক ডিভাইস পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা নেসকোর কর্মীদের আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এর বাইরে আর কোনো ঘটনা ঘটেনি।
নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ সরবরাহ তিনটি লাইনের মাধ্যমে করা হয়। কোনো কারণে দুটি লাইন এক হয়ে গেলে সীমাহীন মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হওয়ার আশঙ্কা থাকে, যা অত্যন্ত বিপজ্জনক। বাখরাবাজের ঘটনাটিও এমন কারণে হয়ে থাকতে পারে। তবে বিষয়টি মূল লাইনে নাকি কোনো গ্রাহকের বাড়ির সংযোগে ঘটেছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, বিদ্যুতের ভালো ও খারাপ-দুই দিকই রয়েছে। দুর্ঘটনা ঘটে গেলে এতগুলো বাড়ির ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।
মন্তব্য করুন