
চলতি বছরের মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তবে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি। সব বিষয় পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
পে কমিশন নিয়ে বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, নতুন পে স্কেলের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয় রয়েছে। সবগুলো দিক বিবেচনায় নিয়ে আলোচনা চলছে। এদিনও এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে সিদ্ধান্ত নিতে আরও আলোচনা প্রয়োজন। পরবর্তী সময়ে আবারও বৈঠক হবে বলে জানান তিনি।
নতুন পে স্কেল কবে বাস্তবায়ন হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলেন, চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল হবে।
তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্থমন্ত্রী। এ বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার পর বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল নিয়ে এর আগেও সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তা ইতিবাচক বক্তব্য দিয়েছেন। ফলে চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশা আরও বেড়েছে।
নতুন পে স্কেল বাস্তবায়নের সুপারিশ তৈরির জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এর আগে অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে গঠিত ওই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।
বর্তমানে কমিশনের সুপারিশ এবং পরবর্তী পর্যালোচনার ভিত্তিতে সচিব কমিটির চূড়ান্ত করা খসড়া প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেলের ঘোষণা আসতে পারে।
মন্তব্য করুন