
ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে অবস্থান নেওয়া স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের মশাখালী এলাকায় যমুনা ট্রেনটি আটকে দেন আন্দোলনকারীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এরপর সকাল ৮টা ৫৫ মিনিটে যমুনা ট্রেনটি মশাখালী এলাকা ছেড়ে যায়। ফলে ওই রুটে আবারও ট্রেন চলাচল শুরু হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করে আসছেন। বুধবার সকালেও তারা ট্রেনটি আটকে দেন।
তিনি বলেন, পরে আন্দোলনকারীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সকাল ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি মশাখালী ছেড়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন