
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ২২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাসের প্রতিষ্ঠানের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর বাইরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
সব মিলিয়ে চলতি বছর দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ২২৬টিই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠান।
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
ফলাফল প্রকাশের পর দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফলাফলও প্রকাশ করা হয়। এতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
মন্তব্য করুন