
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মতিঝিল জোনের বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পল্টন থানা পুলিশ।
ডিএমপি সূত্রে জানা গেছে, বায়তুল মোকাররমের উত্তর গেটসংলগ্ন আজাদ প্রোডাক্টের গলি থেকে প্রথমে ছয়জনকে আটক করা হয়। পরে আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ জনকে আটক করা হয়। এ নিয়ে মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
পুলিশের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ তথ্যের ভিত্তিতেই তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছে ডিএমপি। যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মন্তব্য করুন