
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশবাসী এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডার নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যিনি প্রধানত দায়ী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহির মুখোমুখি করা হচ্ছে না। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং নিজের দায়িত্বের পরিবর্তে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তাঁর মতে, ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি আরও বলেন, এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি। নাহিদ ইসলামের অভিযোগ, একজন ব্যক্তির ইচ্ছা, অনুরোধ কিংবা নির্দেশনার ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে। এটি গণতন্ত্র ও আইনের শাসনের দৃষ্টান্ত হতে পারে না।
সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সরকার কমিটির নামে এখনো নাটক করছে এবং দেশের মানুষ এ কমিটিকে প্রত্যাখ্যান করেছে।
নাহিদ ইসলামের অভিযোগ, দলীয় বুদ্ধিজীবীদের নিয়ে কমিটির বৈঠক করা হচ্ছে এবং তাঁদের মাধ্যমে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরোধিতায় বক্তব্য তুলে ধরছে। তাঁর ভাষায়, এসব কর্মকাণ্ড জনগণের সঙ্গে প্রহসনের শামিল।
নিমতলা কালীমন্দির পরিদর্শনের সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন